Showing posts with label রোজনামচা. Show all posts
Showing posts with label রোজনামচা. Show all posts

Tuesday, 13 August 2013

ওর কাছে যেমন আমার কাছে কেন তেমন নয়?

মঞ্জুশ্রী রায়চৌধুরী

খ্যাঁচাকল বলতে যা বোঝায়, আমি একদম তার মধ্যিখানে বসে আছি। সবথেকে বড় প্রবলেম নিজেকে নিয়ে। লিখিনা, লিখিনা... অনেকদিন লিখিনা। মনের মধ্যে একটা পাপবোধ, চোরা ভয়... পাছে সময় নষ্ট হয়, যে কাজে নেমেছি পাছে হারাই। অথচ কিছুই তেমন করছি না। আসলে আমি এই ফিল্ডে নতুন এসেছি কিনা, তাই। হঠাত্ বিল্ডার হতে শখ হয়েছিল, ঘুরছি এখন সেই বৃত্তে। ‘বিপর্যয়’ (যেখানে থাকতাম)-কে বদলে দেখার স্বপ্ন ছিল বহুদিনের- সেই স্বপ্ন আজ কখনো কালকেউটে কখনো নবোঢ়া। এই ফণা বাগাচ্ছে, এই চোখে হারাচ্ছে। স্বপ্ন সাকার করতে বুঝি প্রোমোটারের প্রয়োজন? ...উঁহু, ভাবলাম নিজেকে ধরেই দেখিনা। ব্যস, নেমে পড়লাম। আত্মআস্থা ছিলই আর ইচ্ছে ছিল সঙ্গী... দু’ই নিয়ে এগোলাম।  সেদিন যা লেগেছিল চৌবাচ্চার জল, আজ তা মাঝসমুদ্র... কূল পাচ্ছিনা, আমি কিনারা-হারা। ঘা খেয়েছি, পড়েছি, তীব্র চাওয়ায় চেয়েছি, একটু করে এগিয়েছি- ভেবেছি পেরেছি। সেই ভাবনাই আরো একটু এগিয়ে দিয়েছে।  মানে ‘বিপর্যয়’ (এ’নামেই আমি ডাকি) নামক ব্যক্তিবাড়িকে মাল্টিস্টোরিড ‘ঊষাদীপ’-এ দেখতে চেয়ে ভেঙেভুঙে তৈরী করে ফেলেছি জি+4 বহুতলের প্লিন্থ। বীম ঢালাই শেষ, এবার সিঁড়ি উঠছে, লিফ্টরুম, কলাম... মনের বারান্দা দিয়ে দেখছি ‘ঊষাদীপ’ ঊষা ছোঁয়ার দিকে। এই অবধি ঠিকঠাক কিন্তু এবার মাথায় হাতুড়ির ঘা। ‘ঊষাদীপ’ টেনশন দিচ্ছে ঘুষঘাষ, লোকাল হ্যাজার্ডস, দু’নন্বরী মানুষপত্তর ও ফ্ল্যাট বুকিং নিয়ে। এই বাড়ি আমার হাজব্যান্ডের- যার এখানে প্রায় জন্ম… তবু। 

মানুষটি একান্তঃই আমার কা সামলাবার দোসর, তার অভিনয় কাটা সৈনিকের ভূমিকায়। ছড়ি ঘোরাচ্ছি একা, কেননা ইচ্ছেপত্র ছিল আমার। কোনো কাজেই তার ‘না’ নেই বলেই ঘোলাজলে মাছ ধরতে নেমে পড়েছি বিনদাস। তবে তার বিবৃতি স্পষ্ট- ‘নিজেকে ধরে এগিও, আমি কিন্তু পিছনে।‘  

আমি মানুষটা সারাক্ষণ বিভিন্ন কর্মকান্ডের মধ্যে নিজেকে ফেলে-ফেলে নিজেরই দ্বন্দ্ব-অবস্থান-আগ্রহ-পিছুটান বা পলায়নী প্রবৃত্তির খোঁজ করি। ছেনেবেনে দেখতে চাই একজন ব্যবসায়ীর এ্যাডভেঞ্চার থেকে একজন মুরগীপালকের মনোভঙ্গী অবধিএকটাই জীবন-উঠোনে অনেক বাঁচায় বেঁচে নিতে চাই, অনেক অনুভবের সঙ্গে মুলাকাতের বাসনা। আপনাকে এই জানা আমার ফুরাবে না...’ তবে ‘সেই জানারই সঙ্গে-সঙ্গে তোমায় চেনা’র হিসেবটা যে এতটা গুলোবে ধারণায় ছিল না। এখন আমি সারাক্ষণ প্রপার্টি ডিলার ‘ক্যুইকার এ্যালার্ট’ আর ‘নাইন্টি-নাইন একর’-এর সঙ্গে কাটাচ্ছি। সে কারণেও পাপবোধ। খালি মনে হচ্ছে নিজের আসল চরিত্রর থেকে দূরে সরে যাচ্ছি। আমি আসলে কুসুম বিছানো পথে তো দূর, কাঁটা বিছানো পথেও নয়, কাচের ওপর হাঁটছি। 

‘অপেক্ষাতে-অপেক্ষাতে  সূর্য্য ডোবে রক্তপাতে/ এখনো কি ডাকার সময় আসেনি?/ যে টেলিফোন আসার কথা সে টেলিফোন আসেনি।’ 

এই যে লিখছি... ভেতরে কিন্তু অশান্তি। লেখার সঙ্গে সময়টা দিচ্ছিই যদি তবে ‘লেখালিখি’-র সঙ্গে নয় কেন? চিবোচ্ছি নানান কথা, অবচেতন বলছে এটা বেফায়দার। আমি জানি ’জীবনের ধন কিছুই যায়না ফেলা।’ তবু অশান্তি... দ্বিধা... দোলাচল। কি করলে যে সত্যি ভাল থাকব জানিনা। লিখে সাফল্য পেলে? দু’নন্বরীদের নাকে ঝামা ঘষতে পেলে? ফ্ল্যাটগুলো বেচতে পেলে? ঠিকঠাক মা-বৌ-মেয়ে হতে পেলে? কোরিওগ্রাফার, ডান্সার, অনেক অ-নে-ক প্রোগ্রাম পেলে না ছাত্রী  বাড়লে? কিসে আমি সত্যি খুশী হবো? আজ যা কিছু করছি, যা পেয়েছি কিছুদিন আগেও কি তা তেমন করে ছিল? আজ এ’সবের সব আছে... অন্তঃত সম্ভাবনায় আছে। তবু আমি অশান্তিতে।

আমার কি তবে মুচি হওয়া উচিত্ ছিল? দিনের শেষে যে একটা জুতো ভালভাবে সিলতে পেরেছে জেনেই খুশী! বৌ-এর কোল ঘেঁষে দিব্যি ঘুমোয়। ‘চাহত্ না হোতি, কুছ ভি না হোতা।’ এই’কুছ ভি’ টা কি?


 মুচির কাছে যেমন আমার কাছে কেন তেমন নয়?


Friday, 28 September 2012

জ্বরবেলাঃ একাল ও সেকাল

দিনকাল কত বদলে গেছে কিন্তু কিছু জিনিস এখনও বদলায়নি। বদলায়নি আমার ঠকঠকিয়ে কাঁপুনি দিয়ে ভালুকজ্বর আসা। ছেলেবেলার মত মনে হওয়া যে -দাঁতকপাটি লাগছে, ভেতরে ভেতরে অসম্ভব কাঁপুনি, অথচ শরীর কাঁপে না একটুও। জ্বরের ঘোরে মুহূর্তে মুহূর্তে চমকে ওঠা, ভয় পাওয়া, মনে হওয়া যে কারা যেন ঘরের মধ্যে হেঁটে-চলে বেড়াচ্ছে। ঘোরের মধ্যে চোখের সামনে নানান রঙের আলোর বলয়দের ঘুরে বেড়ানো, গোল গোল ঝিলিমিলি আলো, এঁকে-বেঁকে যাওয়া সব রামধনু আলো, খুব কান্না পাওয়া, আব্বার সঙ্গে কথা বলতে চাওয়া, আম্মার মশলার গন্ধওয়ালা হাত আর আঁচল খোঁজা –যা ভিজিয়ে আম্মা জ্বরতপ্ত মুখ-গলা, হাত-পা মুছিয়ে দিত, তপ্ত দুই চোখের উপর রেখে দিত সেই আঁচল, প্রিয় মানুষের হাতের স্পর্শ পাওয়ার ইচ্ছেগুলো বদলায়নি একটুও...

যা বদলেছে -এখন জ্বর এলে ইন্দোদাদা-কে একটা ফোন করি, ইন্দোদাদা ওষুধ বলে দেয়, কখনও কিছু পরীক্ষা করতে বলে, কখনও শুধু ওষুধ বলে দেয়,বাবু সেগুলো লিখে নেয়। সেই ওষুধ একবার মাত্র খেলেই জ্বর ‘নরম' হয়ে যায়। -এই ‘জ্বর নরম’ কথাটা আমার দাদি বলত।  ওষুধ খেয়ে দু'দিনের মাথায় আমি হেঁটে-চলে বেড়াই, ঘরের কাজ-কম্ম করি, ফেসবুকে নোট লিখতে বসি। ইন্দোদাদার ফোনে বাৎলানো বিধান অনুযায়ী প্রচুর পরিমানে ওআরএস খাওয়ার ফলে দুর্বলতাও থাকে না। আমার ছেলে বলে –ইন্দো ডাক্তার জিন্দাবাদ!

ডাক্তার প্রসঙ্গে গতকাল রাত থেকেই মনে পড়ছে আমাদের গাঁয়ের এক ডাক্তারবাবুর কথা। এক বর্ষাকালের কথা, অনেক চেষ্টা করেও আমি সেই ডাক্তারবাবুর নাম মনে করতে পারছি না। বহু বহু বছর আগের কথা। সেবছর ছুটিতে বাড়ি গিয়ে কিছুতেই আব্বা-আম্মার সঙ্গে সিলেট ফিরতে চাইলাম না। আরও একটা সপ্তা থেকে যাওয়ার জন্যে রাত থেকেই কান্নাকাটি, সকাল হতেই দাদির খাটের তলায় লুকিয়ে থাকা, স্কুল শুরু হতে এখনও তো এক সপ্তাহ বাকি, কাকা নাহয় পৌঁছে দিয়ে আসবে গিয়ে। শেষমেশ দাদির কথায় আব্বা রাজী হল রেখে যেতে। আমিও বেরিয়ে আসি খাটের তলা থেকে। ভরা বর্ষা। চারিদিকে থৈ থৈ পানি, একটুখানি জেগে আছে শুধু পুকুরের পারগুলো আর বড় রাস্তা অব্দি যাওয়ার কাঁচা সড়ক।

রোদের দেখা নেই, সারাদিন আকাশের মুখ ভার হয়ে থাকে, থেকে থেকেই অঝোর বৃষ্টি। পুকুরের পশ্চিমপারের বাঁশঝাঁড়ের ওধারের খালে টলটলে জল, জলের ভেতর দেখা যায় শ্যাওলায় ঢাকা নানান রকমের লতা-গুল্ম। মনে প্রবল বাসনা, এই খালে নেমে সাঁতার কাটব, বারবার বাড়ির দিকে তাকাই, কাকা কোথায়? কদ্দূর গেছে? দেখতে বা জানতে পেলে আর রক্ষে নেই –এই ভেবে নিজেকে বিরত রাখি খালে নামা থেকে। খানিক দূরে তাকালেই ডুবে যাওয়া সব ক্ষেত-খামার, মৃদু বাতাসে ঢেউ খেলা টলটলে জল, আকাশের মেঘের ছায়া পরে যা কালচে দেখায়। আরেকটু দূরে নজর করে তাকালে দেখা যায় শাপলা বিল। গোটা বিল জুড়ে শাপলা ফুটে থাকে বলে বিলের নামই শাপলাবিল। যেদিন আকাশ একটু পরিষ্কার থাকে, বৃষ্টি থেমে যায়, দাদিকে বললেই বিকেল বেলায় মজিদ ভাইকে নিয়ে নৌকায় করে শাপলা বিলে যাই আমি আর দাদি। দাদি সঙ্গে নেয় রেডিও। নৌকার ধারে বসে আমি টেনে টেনে সব শাপলা তুলি, শালুক খুঁজি, পুড়িয়ে খাব বলে। দাদি ভয় দেখায়, পানির দিনে নাকি সাপেরা থাকার জায়গা পায় না তখন এই সব শাপলাদের গায়ে গায়ে বিষওয়ালা সাপেরা সব জড়িয়ে থাকে, একবার কামড়ে দিলেই শেষ! খানিক শান্ত হয়ে বসে থাকা আবার শাপলা টেনে টেনে নৌকা ভর্তি করা।

সমস্ত দিনে অসংখ্যবার পুকুরে স্নান, পাড়ায় এবাড়ি ওবাড়ি ঘুরে বেড়ানো আরও অনেক রকম কাজ-কর্ম করে সন্ধে হলেই চাচির বিছানায়। থালায় ভাত নিয়ে হ্যারিকেনের আলোয় পাখির ডিম, মুরগির ডিম, ময়নার ডিম সব খাওয়ায় চাচি আর গল্প শোনায়। কখন যেন ডিমগুলো সব শেষ হয়ে যায়! চাচি উঠে যায় থালা নিয়ে, আমি গিয়ে দাদির বিছানায় দাদির কোল ঘেঁষে শুয়ে পড়ি। দাদি খানিক গল্প বলে, বিবিদের কিস্‌সা, নবী-রাসুলদের গল্প, আজুজ-মাজুজের কিস্‌সা। এক একদিন একটা গল্প। দাদির হাতে সমানে ঘোরে বাড়িতে বোনা তালপাতার পাখা। আমি ঘুমিয়ে পড়ি। ঘুমের মধ্যেও দাদি কেমন করে যেন সারারাত পাখা ঘোরায়। একটুও গরম লাগে না আমার!

কাকা বাড়ি না থাকলে ঘন্টার পর ঘন্টা পুকুরে পড়ে থাকতাম। বাড়ি গেলেই চাচির কাপড়কাটা কাঁচি নিয়ে মাথার চুলের গোছা ধরে কচ কচ করে সব চুল কেটে ফেলতাম, পিঠ অব্দি লম্বা চুল ভিজে থাকে, জলদি শুকায় না, আর কাকা বাড়ি এসে সবার আগে চুলেই হাত দেয়, চুল বিকেল অব্দি ভেজা থাকা মানেই সারাদিন আমি পুকুরে ছিলাম! ছোট চুল তাড়াতাড়ি শুকিয়ে যায় বলে এভাবে চুল আমি প্রত্যেকবারেই কেটে ফেলি, যখনই বাড়ি যাই। এবড়ো-খেবড়ো চুল চাচি পরে সমান করে ছেঁটে দেয় ছেলেদের মতন করে। কাকার কাছে তবুও রক্ষে নেই, ছোট চুল দেখলেই বুঝে যায় কেন এই চুল কাটা হল। মারে না যদিও কিন্তু চোখ লাল করে এমনভাবে তাকায় যে শরীরের সব সব রক্ত পানি হয়ে যায় দুই মিনিটেই! চাচির পেছনে গিয়ে চাচির কোমর জড়িয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকি যতক্ষণ কাকার গজগজানি শোনা যায়। প্রত্যেক বার একটাই কথা দিয়ে থামে, ‘বর্ষাইত্যা পানি, জ্বর-জারি হইলে ডাক্তর পামু কই? এই শয়তানেরে ভাইসাবে কিয়ের লাইগ্যা যে থুইয়া গেসে আল্লায় জানে! বারে বারে কইসি, লগে লইয়া যান, বাড়িত থাকলে কেউর কতা হোনে না!’

এবং জ্বর আসে। ধুম জ্বর। ঘরে ঘরে তখন থার্মোমিটার থাকে না, আমাদের বাড়িতে যদিও ছিল কিন্তু চাচির ছেলের আবার পারদ ভীষণ পছন্দ! থার্মোমিটার বাড়িতে এলেই ধান্দায় থাকে, কতক্ষণে ওটা হাতে পাওয়া যাবে। পারদকে ভেঙে টুকরো টুকরো করে আবার জুড়ে দেওয়া, গোটা পারদটাকে খাতার পাতা ছিঁড়ে তাতে তুলে নিতে আমার যে ভাল লাগে না এমন নয় কিন্তু একটা আস্ত থার্মোমিটার আমি ভেঙ্গে ফেলি না পারদের জন্যে। ওগুলো ভাইয়া আর চাচির ছেলে জুন্নুনের কাজ। পারদ দিয়ে খেলা চলে অতএব জ্বর কত দেখার উপায় নেই।

এদিকে পানি বাড়ছে দিনে চার আঙ্গুল তো রাতে আট আঙ্গুল। এগুলো কাকার হিসেব। তাঁর চিন্তা পুকুর আর পুকুরের মাছেদের নিয়ে।  পুকুরের পার ডোবে ডোবে অবস্থা। বড় রাস্তায় যাওয়ার যে একমাত্র সড়ক সে নাকি অনেক জায়গাতেই ডুবে গেছে। কাকা সারাদিন ব্যস্ত জাল দিয়ে গোটা পুকুর ঘেরায়, প্রচুর মাছ আছে পুকুরে, একটা পার ডোবা মানেই সমস্ত মাছ বেরিয়ে প্রথমে খালে আর তারপর যে যেদিকে পারে ছুট লাগাবে। সারা রাত কাকা একহাতে পাঁচ ব্যটারির বড় টর্চ অন্য হাতে লাঠি নিয়ে  পুকুর পারে ঘুরে ঘুরে খালের জল মাপে। পানির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে আমার জ্বর। দাদি সারাদিন বসে থাকে মাথার কাছে, কপালে-গলায় হাত দিয়ে জ্বএ দেখে, বুঝতে না পেরে নিজের গাল ঠেকায় আমার গালে কপালে, বলে, ‘খৈ ফুটতাসে গো জ্বরে!’ মাথায় পট্টি দেয় আর গজগজ করে, ‘মিন্টুইন্যা যে বকে তোরে এমনি এমনি বকে? অহন ভোগান্তিডা কার অইত্যাসে?’

বিছানার উপরে অয়েলক্লথ বিছিয়ে মাথা বিছানার কিনারায় রেখে মেঝেতে রাখে বড় গামলা, তারপর কলসির পর কলসি পানি ঢালি চাচি দিনে দু-তিনবার করে। জ্বর খানিকটা নামে, আবার ধুম জ্বর। বাজারে বসেন সেই ডাক্তারবাবু। গ্রামের একমাত্র ডাক্তার। এলএমএফ ডাক্তার। কাকা নৌকায় করে গিয়ে ওষুধ নিয়ে আসে। কাগজ কেটে দাগ দিয়ে আঠা দিয়ে আটকানো কাঁচের শিশিতে রাখা লাল রঙের মিক্সচার, কাগজে মোড়ানো সাদা সাদা বড়ি। যেমনি তেতো সেই মিক্সচার, ঠিক ততখানিই তেতো সেই সাদা বড়ি, খেলেই ওয়াক আসে। গাছের গন্ধরাজ লেবু দিয়ে শরবত বানিয়ে খাওয়ায় চাচি, আমি খেয়েই হড়হড়িয়ে বমি করি। আবার ঝিম মেরে পড়ে থাকি। চোখের সামনে নানান রঙের আলোর বলয়। লাল, নীল, সোনালী, হলুদ। কখনও তারা ঘুরে বেড়ায় ঘরময়, কখনও স্থির দাঁড়িয়ে থাকে চোখের সমুখে। একই আকারের থাকে না আলোগুলো। ভাংচুর চলতেই থাকে। কখনো লম্বা রেখা হয়ে ঘুরে বেড়ায় আশে-পাশে, আবার কখনও সাতরঙা রামধনু হয়ে যায়।

আমি আলো দেখে দেখে ক্লান্ত। ভয় লাগে। আম্মার কাছে যেতে চাই। কাকা এসে বসে মাথায় হাত বুলিয়ে দেয়। দাদি দোয়া পড়ে পানিতে ফুঁ দিয়ে সেই পানি খাওয়ায়, আমি আবার বমি করি। ঘোরের মধ্যে মনে হয় যেন চোয়াল দুটো ঢুকে যাচ্ছে একটার ভেতর আরেকটা। যেন দাঁত কপাটি লাগছে। কথা বলার চেষ্টা করি, পারি না। ভেতরে ভেতরে কাঁপুনি শুরু হয় গোটা শরীর জুড়ে। প্রচণ্ড ভয় লাগে, জানি, একবার কথা বলে ফেলতে পারলেই চলে যাবে এই কাঁপুনি, চোয়াল খুলে যাবে কিন্তু পারি না, স্বর ফোটে না। চোখ দিয়ে জল গড়ায় আপনা থেকেই। একসময় থামে কাঁপুনি, খুলে যায় চোয়াল, শক্ত করে চাচিকে ধরে থাকি, ‘চাচিআম্মা, আমার ডর করে।’ বিছানা থেকে তুলে কোলে নিয়ে বসে চাচি। কাকাকে বলে, ‘বিকালে গিয়া ডাক্তরবাবুরে লইয়া আইও, আমার ভালা ঠেকত্যাসে না, ভাইসাবেরে খবর দ্যাও।’

ডাক্তারবাবু আসেন। পরনে হাফহাতা সাদা ফতুয়া আর সাদা ধুতি, বিশাল লম্বা ঢ্যাঙ্গা চেহারা, ধনুকের মতন বাঁকানো নাক। দাদার কাছাকাছি বয়েস কিন্তু দাদার চেয়ে অনেক বেশি শক্ত। ছোটোখাটো কিছু হলে কাকা গিয়ে বলে ওষুধ নিয়ে আসে, অসুখ সেরে যায়, বাড়াবাড়ি হলে কাকা গিয়ে বাড়ি নিয়ে আসে তাঁকে। আমাদের বাড়ি থেকে দেড়মাইল দূরের বাজারে তাঁর ওষুধের ডিসপেন্সারি, ওখানে বসেই রোগীও দেখেন। এমনি দিনে দেড় মাইল দূরের বাজার থেকে লম্বা লম্বা পা ফেলে হনহনিয়ে হেঁটে চলে আসেন, কাকা হেঁটে পারে না তাঁর সঙ্গে, কিন্তু এই বন্যায় বড় রাস্তা থেকে  আমাদের বাড়ি অব্দি একমাইলের  কাঁচা সড়ক পানির তলায়, কাকা নৌকা করে যায়, বেঁধে রাখে রাস্তার ধারে খালে অন্য আরও অনেক নৌকার সঙ্গে, খাল যেখান থেকে এগিয়ে গেছে তিতাসের দিকে।

পরপর তিনদিন আসেন সেই ডাক্তার। সেই একই রকম ফতুয়া আর ধুতি পরনে, পায়ে রাবারের চটি। রোজ এসে একই কথা জিজ্ঞেস করেন, ‘খুকুমণির জ্বর ছাড়ে না কিয়ের লাইগ্যা?’ প্রথম দিন এসেই বুকে স্টেথো রেখে দেখে নিয়ে সার দিয়ে দাঁড়িয়ে থাকা দাদা, দাদি, কাকা, চাচি সবার দিকে তাকিয়ে বলেছিলেন, ‘জলে ডুবাইয়া ডুবাইয়া খুকুমণি কফ জমাইসইন বুকত, সারতে সমো লাগবো গো মেন্টু মিঞা।’ শুনেই জোরে চোখ টিপে বন্ধ করে ফেলি আমি, কাকার হিমঠাণ্ডা চোখে যেন আমার চোখ কিছুতেই না পড়ে! কাগজে মোড়ানো সাদা বড়ি, একটা মিক্সচারের সঙ্গে যোগ হয় আরো তেতো এক মিক্সচার, ছদিনের মাথায় জ্বর ছাড়ে।

রেডিওতে দাদি-কাকা খবর শোনে, বন্যায় নাকি রেললাইনও ডুবে গেছে। আমি ভাবি, বাঁচা গেছে, এই সপ্তায় অন্তত কাকা আমাকে নিয়ে যেতে পারবেই না সিলেট! গোসলের সময় কাকা দাঁড়িয়ে থাকে পুকুর পারে, নো সাঁতার কাটা, নো ডুবা-ডুবি, তিনখান ডুব দাও তারপর সিধে উঠে আসো গামছা হাতে দাঁড়িয়ে থাকা কাকার কাছে! কাকা যা বলে, চুপচাপ করি সেগুলো, মনে ভাবি, কদিন আর চোখে চোখে রাখবে, দু-এক দিন যাক তারপর দেখা যাবে...

Friday, 6 April 2012

ভূত


মঞ্জুশ্রী রায়চৌধুরী

আমার মনফসলে ভূত। ধুস্। পোড়ো বাড়ির মতন খাঁ-খাঁ ঘর-দুয়ার... আমার বড্ড মন খারাপ। এই আল ইমরান-ই যেন বুঁদির গড়ের একলা সেনাপতি। নারে ভাই... আছি, আমি আছি। আসলে লেখা একটা এমন দায়, কেউ পড়ুক না পড়ুক লিখতেই হয়। 

যারা পড়ছে তারা না লিখলেও তো বলতে পারে! এমন লিখলে মারব থেকে এটা আবার লেখা অবধি যা খুশী? যে লেখে তার স্টিমুলেশনের দরকার আছে- তাই না? নেতিমন্তব্য, ইতিমন্তব্য... যা হোক্।

কি বলব, মাস দু'-তিন আমারও দিন-ক্ষণে ভূত ঢুকেছিল। মন চাইলেও বসছিলাম না- বসলেও লিখছিলাম না। ভূতবেটা আমার মনের মধ্যে সেঁধিয়ে একদম নাটাঝামটায় রেখেছিল। এত দ্বিধা, এত ভুলভাল স্বপ্ন, হাতের পাখী ছেড়ে বনের পাখীর পিছে ধাওয়া...

চিনেছ কে বনের পাখী? কে আবার... প্রিন্ট মিডিয়া। অথচ হাতের পাখী ই-মিডিয়ার তুলনা নেই- তার নাক সিধে, গন্ধ আন্তর্জাতিক। তবু মাঝেসাঝে পালাই। কেন?কেননা চাইলেই আমায় কোল দেয় এ, তাকালেই হেসে নিরভিমান হাত বাড়ায়। তাই বোধহয়...

অথচ প্রিন্ট মিডিয়া? সে বেটা রাজার ছেলে কেরাসিন-তেলঅলা... চোখের কোণে চায়। দশটা লেখার সাতটি ফেলে, দুটি পড়ে একটি হয়তো ছাপে, তবু কি লালানী-ঝোলানীর জুলজুল তাকিয়ে থাকা। তাও যদি তার নিয়তি তখনি জানা যেত।

ছ/আট মাসের গর্ভযন্ত্রণা আছে, কিন্তু সন্তান জন্মাবে এমন নিশ্চয়তা নেই। বেশীর ভাগ লেখাই ভূতের মত হাওয়ায় মেলায়। হায়- সময় পালায়, তবু যে কেন গোঁতাগুঁতি! বেহায়া চরিত্র। যেখানে পাইনা, সেখানেই কিনা...  
  

Friday, 26 August 2011

নিজের সাথে একা

বিস্তির্ণ সবুজ পাহাড় আর হঠাত-হঠাত্ বৃষ্টি নিয়ে আমার এখনকার আমি। ভাল মন্দের তফাত্ না করেই বলছি... আছি একরকম। খানিকটা একা আর খানিকটা...
বড় একা লাগে আজকাল। এখানে (অমরাবতী) আসার আগে ভেবেছিলাম অনেক হাসির মাঝে আমার খুশী ভেসে বেড়াবে দিল্লী, জয়পুর কিংবা গোরক্ষপুরের মনে... বনে। কিন্তু ঐখানেই আমার ঘাট হয়েছে জান...
এদের সাথে হাসা যদিবা যায়, কাঁদা বড় মুস্কিল। রাগ করেও থাকা যায় কিন্তু ভাল না বেসে থাকা যে বড় দায়।
পাহাড় আর বৃষ্টির সাথে বন্ধুত্ব হলেও, যার সাথে একঘরে থাকি, তার সাথে হাজার পথের তফাত্।