কোথায় রে তোর বৈঠা মাঝি
কোথায় রে তোর নাও,
ভীষণ ও দরিয়া ক্যামনে
পাড়ি দিবার চাও
অনেক খুঁজে নৌকা পেলি
পালখানা তার ছেঁড়া
পথখানি তোর আঁকাবাঁকা
বিপদেতে ঘেরা।
ছাড়িসনারে ছাড়িস না মাঝি
ঐ তরীর ই হাল
থাকুক না তোর বৈঠা ভাঙ্গা
ছেঁড়া থাকুক পাল।
একদিন তুই পাবি ও মাঝি
একদিন পাবি কূল
দু নয়নে আন্ধার দেইখা
করিস না রে ভুল
বিপদেতে ভরসা খোদার
পার করবেন তিনি
যত বেশী মুশকিল আছে
আছান তত জানি।
পাড়েতে ভিড়াইয়া ও মাঝি
নাও রাখিস সাবধানে
নোঙ্গর ফেলিস বুইঝা শুইনা
দেইখা রে সব খানে
হঠাৎ জোয়ারে নাও যেন
না উঠে যায় পাড়ে,
আবার হঠাৎ ভাটায় যেন তায়
নিবার নাহি পারে।
ভুলিস না রে ভুলিস না মাঝি
উপরওয়ালার কথা
বিপদেতে ডাকিস তারে
ঠাণ্ডা রাখিস মাথা।।